শিক্ষকরা ব্রান্ডিং হলে, শিক্ষার্থীরাও ব্রান্ডিং হবে: ইবি উপাচার্য। ছবি: সংগৃহীত।
শিক্ষকরা ব্রান্ডিং হলে, শিক্ষার্থীরাও ব্রান্ডিং হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, অ্যাকাডেমিক উপাচার্য হিসেবে আমার ফোকাস থাকবে টিচিং অ্যান্ড লার্নিং-এর ওপর। বিশ্ববিদ্যালয়কে পরিচর্যা করতে শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা চাই।
সভায় উপাচার্যের কাছে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের সমস্যা, কম্পিউটার ল্যাবের অভাব, সেন্ট্রাল অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অভাব, কর্মচারীর সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনিয়তাসহ বিভিন্ন সংকট তুলে ধরেন শিক্ষকরা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষকদের থেকে সমস্যাগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, আমি পর্যায়ক্রমে সকল অনুষদের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। বিজনেস ফ্যাকাল্টির ল্যাব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য দ্রুতই বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মতবিনিময় সভা আয়োজনের সভাপতি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন। সেখানে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন৷ হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাল মহিউদ্দিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার।

0 মন্তব্যসমূহ